ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীর ধানমন্ডিতে র‌্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

রাজধানীর ধানমন্ডিতে অলংকার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় র‌্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২৬ মার্চ) ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নিয়ে গেছে প্রায় ২৫ লাখ নগদ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার।


ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান এসব নিশ্চিত করে জানান, বুধবার ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের ওই বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র‌্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রের পরিচয় দেয়।ডাকাতদলের ১০ জনের মতো র‌্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় সেখানকার শ্রমিকরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন।


এসি আরও বলেন, এ ঘটনায় জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদ বাদী হয়ে ধানমন্ডি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। মামলায় গ্রেফতার চারজনসহ পলাতকদের আসামি করা হয়েছে। এছাড়া ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে পলাতক কয়েকজন ডাকাতকে শনাক্ত করা হয়েছে। বাকিদের শনাক্তের কাজ চলমান, এরপর তাদের গ্রেফতারে অভিযান চলবে।


তিনি জানান, বাসাটি থেকে এক-দেড় লাখ এবং জুয়েলার্সের মালিকের স্ত্রীর ব্যবহৃত কিছু স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা। তবে ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় একটি অফিস ছিল। সেখান থেকে ২০-২৫ লাখ টাকা নিয়ে যায় ডাকাতরা।

ads
ads
ads

Our Facebook Page

↑